দেশের মধ্যে মূল্যস্ফীতি অনেকটা সময় ধরেই চলমান। এটা কমানো সম্ভব হচ্ছে না। কিন্তু আগের মতো এখনো যাত্রাবাড়ী-কারওয়ান বাজারসহ অন্য বাজারে চাঁদাবাজি হচ্ছে, কে তুলছে এসব চাঁদা? পরিবহনের চাঁদা বন্ধ হয়নি। পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ হলে মূল্যস্ফীতি কমে আসবে। গতকাল বুধবার রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কনফারেন্স হলে জাগোনিউজ আয়োজিত ‘ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা : উত্তরণে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম। এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থনীতিবিদ, ভোক্তা ও সব স্টেকহোল্ডারদের সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ হাতেম বলেন, গণমাধ্যম থেকে শুনেছিলাম প্রতি রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দেড় কোটি টাকা চাঁদা পেতেন। এখন তো পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির কি পরিবর্তন হয়েছে? এখনো যাত্রাবাড়ীসহ অন্য বাজারে চাঁদাবাজি হচ্ছে, কারা করছে, এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ না হলে মূল্যস্ফীতি কমবে না, কারণ পণ্যের দাম বাড়তি থাকবে।
পরিবহনের চাঁদাবাজিও বন্ধ হয়নি জানিয়ে মোহাম্মদ হাতেম বলেন, আমাদের রপ্তানিমুখী শিল্পের পণ্যের গাড়ি শরীফ মেলামাইন কাঁচপুর ব্রিজ নারায়ণগঞ্জের কয়েকটির পয়েন্টে আটকানো হয়। সেখানে হয়রানি করা হচ্ছে রপ্তানিকারকদের।