লিফলেট বিতরণ: কলেজশিক্ষক মুকিবসহ ৫ জন রিমান্ডে

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লিফলেট বিতরণের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কলেজশিক্ষক মুকিব মিয়াসহ পাঁচজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।

আজ বৃহস্পতিবার তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক কে এম রেজাউল করিম।

রিমান্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য কপিল হালদার সজল, মতিঝিল থানা যুবলীগের সদস্য কেএম সাইফুল খান, ফতুল্লা থানা যুবলীগের সদস্য শেখ মোহাম্মদ হাফিজ ও নিষিদ্ধ সংগঠন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সালাম লাভলু।

আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত তাদের জামিন নামঞ্জুর করে তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরদিন ৪ ফেব্রুয়ারি আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।