দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের রুদ্ধশ্বাস ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন পাকিস্তানের তিন ক্রিকেটার। তারা হলেন- শাহিন আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলাম। আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় তিনজনকেই জরিমানা করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
করাচিতে চলতি ত্রিদেশীয় সিরিজে ঘটেছে এই ঘটনা। রান নেওয়ার সময় প্রোটিয়া ব্যাটসম্যান ম্যাথু ব্রিৎজকের সামনে ইচ্ছা করে দাঁড়িয়ে বাঁধা সৃষ্টি করেন পাকিস্তান পেসার শাহিন আফ্রিদি। এতে দুজনের শারিরীক সংঘর্ষ হয় এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এতে শাহিন আইসিসির আচরণবিধির ২.১২ ধারা ভঙ্গ করেছেন। তাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৯তম ওভারে টেম্বা বাভুমা রান-আউট হওয়ার পর তার খুব কাছে গিয়ে উদ্যাপন করেন সৌদ শাকিল এবং বদলি ফিল্ডার হিসেবে নামা কামরান গুলাম। এতে আচরণবিধির ২.৫ ধারার লংঘন হওয়ায় দুজনকেই ম্যাচ ফির ১০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি তিন ক্রিকেটারের নামের পাশে যুক্ত হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।