চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে।
আজ বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিয়ে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় এক অধিবেশনে তিনি এ কথা বলেন। ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ কথা বলা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা ১৫টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি। আইন-শৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচনসহ অন্যান্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করছে। এখনও আমরা যেটা করব সেটা হলো ঐকমত্য গঠন।
এ সময় তিনি বলেন, এজন্য আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে, সেগুলো নিয়ে আমরা একটা 'সনদ' তৈরি করব। আমরা সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেবো। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেবো। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে।
বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। এই হলো আমাদের অবস্থা। অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল। আমাদের কাজ এই সবকিছু পুনর্গঠন। যেমন, ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল। ব্যাংকগুলো থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। আমাদের রিজার্ভ তলানিতে চলে গেছে।
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে গতকাল বুধবার রাতে অধ্যাপক ইউনূস দুবাই পৌঁছেছেন। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দুবাইয়ে স্বাগত জানান।