সরফরাজ আহমেদের নেতৃত্বে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। আট বছর পর পাকিস্তান সেই টুর্নামেন্টের আয়োজক। ভারতের বিপক্ষে তাদের ম্যাচও আছে। ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তাই রিজওয়ানদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন সরফরাজ। একইসঙ্গে বলেছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর উপায়।
আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আলোচিত ম্যাচটি নিয়ে সরফরাজ বলেছেন, ‘যখনই আমাদের (ভারত-পাকিস্তান) দেখা হয়, এটা একটি বিশেষ উপলক্ষ। এই ম্যাচকে ঘিরে অনেক উত্তেজনা এবং চাপ থাকে। কিন্তু খেলোয়াড় হিসেবে আপনাকে শান্ত থাকতে হবে, বাইরের আলোচনায় কান দেওয়া যাবে না এবং অস্ট্রেলিয়া বা অন্য যেকোনো দলের বিপক্ষে যেমন থাকে, সেই একই তীব্রতা নিয়ে খেলতে হবে।’
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শক এবং গণমাধ্যমে এতটাই উত্তেজনা থাকে যে- ক্রিকেটারদের ওপর সেটা প্রভাব পড়ে বলে মত অনেকের। তবে পাকিস্তানের বর্তমান দলটিকে বেশ পরিণত মনে হচ্ছে সরফরাজের, ‘শিরোপা ধরে রাখার খুব ভালো সুযোগ আছে পাকিস্তানের এবং আমি মনে করি তাদের দলটিও শক্তিশালী। ২০১৭ সালে শিরোপা জেতা দলের কয়েকজন এবারও আছে।’
এই উইকেটকিপার ব্যাটার আরও বলেছেন, ‘আমরা সেরাদের নিয়ে কথা বলছি, বিশেষ করে বাবর আজমকে নিয়ে। ২০১৭ সালে খেলা বাবরের চেয়ে এখন সে আলাদা, আরও পরিণত খেলোয়াড় এবং ক্রিকেটে প্রভাব বিস্তারকারীদের একজন। পাকিস্তানের জন্য তার ব্যাটিং যেমন গুরুত্বপূর্ণ হবে, তেমনি ফখর জামানেরও। শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ দারুণ বোলার এবং ভালো খেলছে। আর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও উইকেটকিপার-ব্যাটসম্যান, যা ২০১৭ সালে আমার জন্য বেশ ভালো কাজ করেছিল।’