নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সুপ্রিম কোর্টের ভেতরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে নিচে পড়ে মজিবর রহমান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত মজিবরের সহকর্মী হামিদুল ইসলাম বলেন, তাদের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার কোমরডোলা গ্রামে। বর্তমানে সুপ্রিম কোর্টের ভেতরেই থাকতেন। তিনি  রডমিস্ত্রির হেলপার ছিলেন। রাতে নির্মাণাধীন ভবনের ১১ তলার ছাদে কাজ করার সময় নিচে পরে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সুপ্রিম কোর্ট থেকে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে গিয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।