নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনে (এনআইওএইচসি) ২৪তম সভা গত ১১-১৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়। সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) ও ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসার নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর দুই সদস্যের একটি প্রতিনিধিদল এ সভায় অংশগ্রহণ করে।
সভায় বাংলাদেশ ছাড়াও কমিশনের সদস্য রাষ্ট্র মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যের পাশাপাশি ছয়টি সহযোগী সদস্য রাষ্ট্র ও তিনটি পর্যবেক্ষক দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ওই সভায় হাইড্রোগ্রাফি কর্মকা-ের মানোন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, সুনীল অর্থনীতি প্রসারে হাইড্রোগ্রাফির ভূমিকা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নিরাপদ নৌচলাচলে হাইড্রোগ্রাফির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া সামুদ্রিক নিরাপত্তা, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১৪ (জলজ জীবন) অর্জনে হাইড্রোগ্রাফির ভূমিকা বিষয়ে আলোচনা হয়।
সভার সমাপনী দিনে সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে ২০২৫-২৭ সালের জন্য বাংলাদেশ নৌবাহিনী থাইল্যান্ড নৌবাহিনীর কাছ থেকে এনআইওএইচসির সভাপতির দায়িত্বভার গ্রহণ করে। এনআইওএইচসির সভাপতি হিসেবে বাংলাদেশ নৌবাহিনী নির্বাচিত হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিজ্ঞপ্তি