পাকিস্তানের ব্যাটিং তারকা বাবর আজম ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলকে ছুঁয়েছেন। সবচেয়ে কম ইনিংসে এই কীর্তি গড়ার রেকর্ডে তিনি এখন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হাশিম আমলার সঙ্গে যৌথভাবে শীর্ষে। বাবর ও আমলা দুজনই ১২৩ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন।
শুক্রবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে এই কীর্তি গড়েন বাবর। সপ্তম ওভারের তৃতীয় বলে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফির স্লোয়ার ডেলিভারিটিকে কাভার পয়েন্টের পাশ দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে নিজের ৬ হাজার রান পূর্ণ করেন পাকিস্তানি এই ব্যাটার।
বাবরের আগে ওয়ানডেতে ৬ হাজার রান দ্রুততম সময়ে ছোঁয়ার তালিকায় ছিলেন ভারতের বিরাট কোহলি (১৩৬ ইনিংস), নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (১৩৯ ইনিংস) ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (১৩৯ ইনিংস)। এই তালিকায় বাবর এখন শীর্ষস্থানে আমলার সঙ্গে সমান হয়ে গেছেন এবং তিনি এখন পর্যন্ত ওয়ানডেতে সবচেয়ে দ্রুত ৬ হাজার রান করা এশিয়ান ব্যাটার।
তবে সাম্প্রতিক ফর্ম বাবরের পক্ষে নেই। ত্রিদেশীয় সিরিজের আগের দুই ম্যাচে মাত্র ১০ ও ২৩ রান করেছিলেন তিনি। ফাইনালেও ভালো শুরুর পর থিতু হতে পারেননি, ৩৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।