পাকিস্তানের বেলুচিস্তানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে কমপক্ষে ১০ জন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রদেশের দক্ষিণ-পশ্চিম হারনাই এলাকায় এ ঘটনা ঘটে।
পাকিস্তানের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা শাহজাদ জাহরি এএফপিকে জানান, হারনাই জেলায় এই বোমা বিস্ফোরণ হয় এবং এতে ১০ জন খনি শ্রমিক নিহত হয়েছে।
একই জেলার আরেকজন সিনিয়র সরকারি কর্মকর্তা সেলিম তারিন এএফপিকে বলেন, ‘শ্রমিকরা কাজের জায়গা থেকে বাজারে কেনাকাটার জন্য যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের গাড়িটি আক্রমণের শিকার হয়’। তিনি আরো বলেন, এটি ছিল ‘একটি আইইডি বিস্ফোরণ।আমরা হামলার তদন্ত করছি।’
হারনাই দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ১৬০ কিলোমিটার (১০৪ মাইল) দূরে অবস্থিত একটি জেলা। কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
তবে, বেলুচ লিবারেশন আর্মি প্রায়শই অন্যান্য প্রদেশের নিরাপত্তা বাহিনী বা পাকিস্তানিদের, বিশেষ করে বেলুচিস্তানের পাঞ্জাবিদের বিরুদ্ধে মারাত্মক হামলার দাবি করে।