ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন, পুড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় আগুনে পুড়ে গেছে একটি প্রাইভেটকার। এসময় আগুনে পুড়ে ভেতরে থাকা জিহান নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এদিকে মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরা ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। নিহত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বিকালে শিশু জিহান তার মা ও মামার সঙ্গে প্রাইভেটকারযোগে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশে রওয়ানা হয়। পরে কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনে প্রাইভেটারে গ্যাস নেওয়ার জন্য যায়। গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারের ভেতরে ছিল শিশু জিহান। তার মা ও মামা বাইরে ছিল।

এসময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। এতে ভেতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। আগুনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। এদিকে ঘটনার পরপরই ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যায়।

ভুলতা ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।