রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে ম্যানসিটিতে ইনজুরির থাবা

ম্যানচেস্টার সিটির রক্ষণভাগে বড় ধাক্কা! দলটির সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকানজি চোট পেয়ে ছিটকে গেছেন। তাকে অন্তত ৮-১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। শনিবার তার অ্যাডাক্টর ইনজুরির অস্ত্রোপচার হবে।

দলটির কোচ পেপ গার্দিওলা সংবাদ সম্মেলনে এসে এই তথ্য নিশ্চিত করেছেন। 

আকানজির ইনজুরির বিষয়টি নিশ্চিত করে গার্দিওলা বলেন, ‘আমি শুধু চাই, সে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক। কারণ এই মৌসুমে তার প্রচেষ্টা অবিশ্বাস্য ছিল। নাথান আকেও কঠিন পরিস্থিতিতে খেলেছে। আমাদের দলে এই পজিশনের খেলোয়াড়ের অভাব ছিল, আর তার শরীর হয়তো বলেছে – ‘এবার যথেষ্ট হয়েছে’।’ 

চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হার মানসিকভাবে ভেঙে দিতে পারে দলকে। তারমধ্যে মরার ওপর খাড়ার ঘা হিসেবে এসেছে আকানজির চোট। তবে গার্দিওলা জানালেন, সিটি ঘুরে দাঁড়াতে প্রস্তুত। 

তিনি বলেছেন, ‘আমরা ঘুরে দাঁড়িয়েছি, সামনে এগিয়ে যেতে হবে। প্রথম কয়েক ঘণ্টা বা একদিন কঠিন লাগে, তবে আমাদের আরও ভালো হতে হবে।’ 

ম্যানসিটির সামনে এখন প্রিমিয়ার লিগ ও এফএ কাপের গুরুত্বপূর্ণ লড়াই। আকানজির অনুপস্থিতি দলকে কতটা ভোগাবে, সেটাই এখন বড় প্রশ্ন। গার্দিওলার দল কি এই ধাক্কা সামলে শিরোপার পথে এগিয়ে যেতে পারবে?