সারাদেশে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে এক হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ৫০৯ জন। অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার হয়েছেন ৯৪৮ জন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় ১০টি রামদা, চারটি ধামা, একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, তিনটি দা, একটি চাইনিজ ছুরি, একটি দেশীয় ছুরি, দুটি চাইনিজ চাপাতি, একটি চাইনিজ কুড়াল এবং একটি দেশীয় কুড়াল উদ্ধার করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের দাবির মুখে গত ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামের বিশেষ অভিযান শুরু হয়। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে মোট গ্রেপ্তার হয়েছেন তিন হাজার ৯২৪ জন।
যৌথ বাহিনীর সমন্বয়ে আলোচিত এ অভিযানের উদ্দেশ্য কী এবং সারাদেশে কারা আটক হচ্ছেন তা নিয়ে চলছে আলোচনা। দেশব্যাপী এ বিশেষ অভিযান শুরুর প্রেক্ষাপট তৈরি হয় গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা এবং ভাঙচুর এবং সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর প্রাণঘাতী আক্রমণ ঘটনায়। ওই হামলায় গুরুতর আহত একজন বুধবার মারা গেছেন।