বাংলাবান্ধা স্থলবন্দর

১৬ ট্রাকে ৩৩৬ মেট্রিক টন আলু গেল নেপালে

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নিয়মিত রপ্তানি হচ্ছে আলু। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ১৬টি পণ্যবাহী ট্রাকে ৩৩৬ মেট্রিক টন আলু নেপালে পাঠানো হয়। থিংকস টু সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠান এসব আলু রপ্তানি করেছে বলে জানিয়েছে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি মোমিন।

মোমিন জানান, আমরা আজকে থিংকস টু সাপ্লাই নামের রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৩৬ মেট্রিক টন আলু নেপালে পাঠিয়েছি। আলুগুলো রংপুর বিভাগের বিভিন্ন এলাকার। আমরা এর আগেও বেশ কয়েকবার নেপালে আলু রপ্তানি করেছি।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ১৬টি ট্রাকে মোট ৩৩৬ মেট্রিক টন আলু নেপালে পাঠানো হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। থিংকস টু সাপ্লাই ও লোড বাউন্ড লজিস্টিকসসহ কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান আলু রপ্তানি করছে।

স্থলবন্দর সূত্রে জানা যায়, ভৌগোলিক অবস্থানগত দিক থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর বাংলাবান্ধা। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ট্রানজিট সুবিধা থাকায় ব্যবসা ও পর্যটনে ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে স্থলবন্দরটি। এ বন্দর ৯৫ শতাংশই পাথরনির্ভর হলেও বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য রপ্তানি হচ্ছে ভারত ও নেপালে।

বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।