রোহিত-কোহলিদের বিলাসিতায় লাগাম টানল বিসিসিআই

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খেলোয়াড়দের জন্য কঠোর নিয়ম চালু করেছে। এর পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর ঘটনা—ভারতের অস্ট্রেলিয়া সফরে এক ক্রিকেটার ব্যক্তিগত ও পরিবারের জন্য ২৭টি ব্যাগ নিয়ে গিয়েছিলেন, যার পুরো খরচ বহন করেছে বিসিসিআই!

দৈনিক জাগরণের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ক্রিকেটার পরিবারের সদস্য ও ব্যক্তিগত স্টাফদের সঙ্গে নিয়ে সফর করেছেন, যাদের মালপত্রের অতিরিক্ত ওজন ছিল ২৫০ কেজির বেশি। এসব ব্যাগে ছিল ১৭টি ব্যাটসহ পরিবারের নানা ব্যক্তিগত সামগ্রী। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের পরিবার ও ব্যক্তিগত স্টাফদের নিজেদের ব্যাগের খরচ নিজেকেই বহন করার কথা, কিন্তু এই ক্রিকেটার সেটি এড়িয়ে বোর্ডের খরচে সব ব্যাগ পাঠিয়েছেন!

অস্ট্রেলিয়া সফরের এই ঘটনার পর দলের ভেতরে অসন্তোষ তৈরি হয়। বেশ কয়েকজন ক্রিকেটারও একই পথ অনুসরণ করতে থাকেন। এতে বোর্ডের ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ফলে বিসিসিআই এখন নতুন নিয়ম চালু করেছে—কোনো ক্রিকেটার ১৫০ কেজির বেশি মালপত্র নিতে পারবেন না। অতিরিক্ত ওজন হলে, সেটার খরচ ব্যক্তিগতভাবেই বহন করতে হবে।

বিসিসিআইয়ের আরও একটি নতুন সিদ্ধান্ত হলো, এক মাসের কম সময়ের কোনো সফরে ক্রিকেটারদের সঙ্গে পরিবারের সদস্যরা যেতে পারবেন না। এমনকি, সম্প্রতি একজন সিনিয়র ক্রিকেটার স্ত্রীকে সঙ্গে নেওয়ার অনুমতি চেয়েও না পেয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দুবাই সফরেও এই নিয়ম কার্যকর থাকবে। বোর্ডের কড়া বার্তা—এখন থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো সুযোগ নেই!