গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে রোমাঞ্চকর ২-২ ড্রয়ের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল লিভারপুলের প্রধান কোচ আর্নে স্লট এবং তার প্রথম সহকারী কোচ সিপকে হুলশফকে। শেষ মুহূর্তের নাটকীয় গোলের পর উত্তপ্ত পরিস্থিতিতে রেফারি মাইকেল অলিভার দুজনকেই মাঠ থেকে বের করে দেন।
এই ডাবল বহিষ্কারের ফলে ম্যাচ পরবর্তী গণমাধ্যমের সামনে হাজির হতে পারেননি স্লট ও হুলশফ। একই ঘটনায় লিভারপুলের কার্টিস জোনস ও এভারটনের আবদুলায়ে ডুকুরেও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
লাল কার্ডের কারণে আসন্ন ম্যাচে উলভসের বিপক্ষে লিভারপুলের হয়ে খেলতে পারবেন না কার্টিস জোনস। তবে স্লট ও হুলশফ ডাগআউটে থাকতে পারবেন, কারণ তাদের নিষেধাজ্ঞা ম্যাচ ডে অপারেশনের বাইরে ছিল।
ঘটনার পর ইনস্টাগ্রামে হুলশফ প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, 'শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে… পরবর্তী ম্যাচের জন্য মনোযোগী হতে হবে।'
এদিকে, শুক্রবার প্রথমবারের মতো এই বিতর্কিত মুহূর্ত নিয়ে মুখ খুলেছেন কোচ আর্নে স্লট। তিনি বলেন, 'এই ঘটনায় একটা প্রক্রিয়া চলছে, তাই আমি বিস্তারিত কিছু বলতে চাই না। তবে আমি জানি, অতিরিক্ত সময় পাঁচ মিনিট হলেও সেটা আট মিনিট পর্যন্ত গড়িয়েছে। আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। যদি আবার এমন পরিস্থিতি আসে, আমি অবশ্যই ভিন্নভাবে সামলানোর চেষ্টা করব।'
তিনি আরও বলেন, 'আমরা ম্যাচের ৯৭ মিনিট পর্যন্ত এগিয়ে ছিলাম, তাই শেষ মুহূর্তে গোল খাওয়াটা দুই পয়েন্ট হারানোর মতো মনে হয়েছে। তবে পুরো ম্যাচজুড়ে সমান লড়াই হয়েছে, তাই ড্রটাই ন্যায্য ফল। তবুও, আমরা এ ম্যাচ থেকে অনেক কিছু পেয়েছি—আমাদের দলীয় সংহতি, সমর্থকদের সমর্থন এবং মানসিক শক্তির দিক থেকে এটি বড় এক অর্জন।'
এখন লিভারপুলের চোখ রোববার উলভসের বিপক্ষে ম্যাচের দিকে, যেখানে দল ঘুরে দাঁড়াতে চাইবে শেষ মুহূর্তের হতাশা ভুলে নতুন উদ্যমে মাঠে নামতে।