ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাসিমা আক্তার নামের এক নারী হত্যার ঘটনায় তার ছেলে সিয়াম মোল্লা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপার আদালতে জবানবন্দি দেন তিনি।
জবানবন্দিতে সিয়াম বলে, ‘মা আমাকে অনেক আদর করত, কোথাও যেতে দিত না। ঘরে আমি আর মা ছিলাম।’
ঘটনার বর্ণনা দিয়ে সিয়াম জানায়, তার মা ঘুমিয়ে ছিল। এ সময় তিনি ছেহাইট (এক প্রকার কাঠের দণ্ড) দিয়ে আঘাত করে। এতে তার মা না মরলে বঁটি-দা দিয়ে কোপ দেন তিনি।
ঘটনার পর সিয়াম তার মায়ের পাশে বসে বিলাপ করতে থাকে। জমি নিয়ে বিরোধে স্বজনরা হত্যা করেছে বলে অভিযোগ করতে থাকে তিনি। একপর্যায়ে সাত বছরের ভাগিনা ফারুক জানিয়ে দেন মামা তার নানিকে হত্যা করেছে।
শুক্রবার ভোরে শয়নকক্ষের বিছানাতে নাসিমার রক্তাক্ত লাশ পড়েছিল। প্রাথমিক তদন্ত করে পুলিশ সিয়ামকে আটক করলে তিনি হত্যার কথা স্বীকার করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে সিয়াম। পরে তিনি আদালতে জবানবন্দি দেন।