ভ্যালেন্টাইনস ডে ভুলে যাওয়া মেরিনোর স্ত্রীকে জোড়া গোল উপহার

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা লিভারপুলকে চাপের মধ্যে রেখেছে আর্সেনাল। শনিবার ২৫তম রাউন্ডে লেস্টার সিটির মাঠে ২-০ গোলের জয় পেয়েছে মিকেল আর্তেতার দল। তবে এই জয়ে সবচেয়ে আলোচিত নাম মিকেল মেরিনো—ম্যাচের আগে নিজেও ভাবেননি যে তিনি এমন নতুন ভূমিকায় খেলতে নামবেন এবং দলের নায়ক হয়ে উঠবেন।

ভালোবাসা দিবসে স্ত্রীকে উপহার দিতে ভুলে গিয়েছিলেন মেরিনো। তবে তার গোলই হয়ে উঠল সেরা উপহার! ম্যাচের পর মজার ছলে তিনি বলেন,

"ভালো সময়েই গোল করেছি, কারণ আমি আমার স্ত্রীকে ভালোবাসা দিবসের কোনো উপহার দিতে ভুলে গেছি। তাই এই গোল দুটো তার জন্য। আশা করি, এটা একটা গোলাপের চেয়ে ভালো লাগবে!"

প্রথমবারের মতো নতুন পজিশনে, চমক দেখালেন মেরিনো

লেস্টারের মাঠে আর্সেনাল নামিয়েছিল চোটজর্জর আক্রমণভাগ নিয়ে। তবে শুরু থেকে বলের দখল ধরে রেখেছিল তারা। প্রথমার্ধ গোলশূন্য কাটলেও, দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর পুরো চিত্র বদলে দেন মেরিনো।

৬৯ মিনিটে রাহিম স্টার্লিংয়ের বদলি হিসেবে মাঠে নামেন স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো। এই ম্যাচে প্রথমবারের মতো ফরোয়ার্ড হিসেবে খেলেন তিনি। ম্যাচের পর তিনি বলেন,

"আজ সকালে আমাদের এক সহকারী কোচের সঙ্গে এটা নিয়ে কথা হয়েছিল। তবে সত্যি বলতে, আমার ক্যারিয়ারে এই প্রথম আমি এই পজিশনে খেলেছি। কোচ আমাকে বলেছিলেন, যেন নিজের শক্তির জায়গাগুলো কাজে লাগাই। ভাগ্য ভালো, আমি সেটা দেখাতে পেরেছি এবং দলকে দুই গোল উপহার দিতে পেরেছি।"

মেরিনোর গোলে শীর্ষ লড়াই জমিয়ে দিল আর্সেনাল

৮১ মিনিটে ইংলিশ মিডফিল্ডার নওয়ানেরির ক্রসে হেড করে আর্সেনালকে এগিয়ে দেন মেরিনো। ছয় মিনিট পর লিয়ান্দ্রো ত্রোসার্দের অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এই মৌসুমে লিগে ১৭ ম্যাচে চার গোল হয়ে গেল তার।

এই জয়ে লিগে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সংগ্রহ হলো ৫৩ পয়েন্ট—শীর্ষে থাকা লিভারপুলের (৫৭) সঙ্গে ব্যবধান এখন মাত্র চার পয়েন্ট।

আগামীকাল উলভসের বিপক্ষে অ্যানফিল্ডে খেলতে নামবে লিভারপুল। নিজেদের কাজটা সেরে শীর্ষে থাকা দলকে চাপে রাখলো আর্সেনাল। ম্যাচ শেষে ডিফেন্ডার জুরিয়েন টিম্বার বলেন,

"আমরা জানি প্রতিপক্ষ (লিভারপুল) কতটা ভালো। আমাদের পরবর্তী ম্যাচেও পূর্ণ তিন পয়েন্ট লাগবে, পরের সপ্তাহেও এবং এর পরেও। সত্যটা হলো আমরা তাদের তাড়া করছি।"