পল্লবীতে পূর্ব শত্রুতার জেরে ভাইবোন গুলিবিদ্ধ

রাজধানী মিরপুরের পল্লবীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে মো. জসীম উদ্দিন (৪৪) ও শাহিনুর বেগম (৩০) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত দুজন সম্পর্কে ভাইবোন। গতকাল শনিবার ভোরে পল্লবীর ১১ নম্বর সেকশনের ১ নম্বর রোডে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন তারা।

পল্লবী থানার এসআই মিজানুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। গুলিবিদ্ধ জসিম উদ্দীন পেশায় একজন টিভি শো রুমের ব্যবসায়ী। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ এ ঘটনার তদন্ত করছে। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় থানা পুলিশ। 

জসিম উদ্দীনের স্ত্রী হেনা আক্তার ও ভাগ্নে শাকিল আহমেদ বলেছেন, ভোরে শবেবরাতের নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে। হেনা বলেন, ওই সময় একই এলাকার শরিফ, তুহিন, শহিদুল, সুজন, রিয়াজ, ব্লেড রনির সঙ্গে তার (জসিম উদ্দিনের) কথা কাটাকাটি হয়। তখন শহিদুল জসিমকে গুলি করে। ভাইয়ের গুলিবিদ্ধ খবর পেয়ে শাহিনুর ছুটে এলে তাকেও গুলি করা হয়।