৪ লাখের বেশি যাত্রী সেবার মাইলফলক মেট্রোরেলের

মেট্রোরেল চালু হওয়ার পর এক দিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহনের কথা জানিয়েছে পরিচালনকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল। গত তিন বছরের মধ্যে দৈনিক যাত্রী পরিবহনে এই সংখ্যা মাইলফলক ছুঁয়েছে বলে ভাষ্য ডিএমটিসিএল কর্তৃপক্ষের। ডিএমটিসিএল তাদের ফেসবুকে গত শুক্রবার এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়, গত বৃহস্পতিবার মেট্রোরেল যাত্রী সেবায় প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করেছে। এই মাইলফলক অর্জনে মেট্রো পরিবারের সঙ্গে সম্পৃক্ত যাত্রী, শুভানুধ্যায়ী এবং অংশীজনদের মেট্রোরেল পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এ মহতী লক্ষ্য অর্জনে সার্বিক নির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব মো. এহছানুল হককের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এর আগে গত ৪ ফেব্রুয়ারি উত্তরায় মেট্রোরেলের ডিপোতে এক মতবিনিময়ে সভায় ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেছিলেন, ‘গত ৩ ফেব্রুয়ারি ৩ লাখ ৮২ হাজার প্যাসেঞ্জার সর্বোচ্চ মেট্রোরেলে ভ্রমণ করেছে। সেটা অবশ্য শুরুর দিকে ছিল ১৫-২০ হাজার।’