বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যারা তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে ভবিষ্যৎ খারাপ। খারাপ বলার কারণ হলো, ক্ষমতার চেয়ারে যারা বসে, সহজে এটা ছাড়তে চায় না।’ গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের উদ্যোগে ‘দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘একটা গোষ্ঠী আছে তারা মনে করে এক মাসের মধ্যে সরকার পরিবর্তন, হাসিনার বিদায় এবং বিপ্লব, গণঅভ্যুত্থান ঘটেছে, কিন্তু অতীতে কী ছিল এটা তারা একসেপ্ট করতে চায় না। এমনকি সরকারের প্রধান যে ব্যক্তি আছেন, তিনিও অতীতটা দেখতে পারেন না। অতীতে আর যান না। এক মাসের মধ্যে আটকে গেছেন।’
আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।