পরিবেশ ও সমাজের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সংস্কৃতি ও পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত। সুস্থ সংস্কৃতি চর্চা পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
গতকাল শনিবার রাজধানীর বারিধারায় ‘আনন্দ একাডেমি ফর পারফর্মিং আর্টসের’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সংস্কৃতি মানুষের মনন গঠনের অন্যতম মাধ্যম। একজন সুস্থ সংস্কৃতিবান মানুষ কখনো ইলেকট্রিক শক দিয়ে বন্য হাতিকে মারা বা অকারণে মেছো বিড়ালসহ অন্যান্য বন্যপ্রাণী হত্যা করতে পারে না।’ নবপ্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এর সফলতা কামনা করেন তিনি।
আয়োজকরা জানান, আনন্দ একাডেমি ফর পারফর্মিং আর্টস শিশু-কিশোর ও তরুণদের নৃত্য, সংগীত, নাটকসহ নানা পরিবেশনামূলক শিল্পচর্চার সুযোগ করে দিতে প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠান নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক শিক্ষার প্রসার ঘটাতে ভূমিকা রাখবে।
উদ্বোধন শেষে সৈয়দা রিজওয়ানা হাসান একাডেমির বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং ট্রাস্টিদের সঙ্গে মতবিনিময় করেন।