ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচটি শেষ হয় বিতর্কের মধ্য দিয়ে। ম্যাচে ১-১ গোলের ড্রয়ের পাশাপাশি রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝাড়ে রিয়াল শিবির। বিশেষ করে ম্যাচের শেষ দিকে জুড বেলিংহামের লাল কার্ড ঘিরে বিতর্ক চরমে পৌঁছায়।
বেলিংহামকে সরাসরি লাল কার্ড দেখানো রেফারি মুনুয়েরা মন্তেরো তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন, ইংলিশ মিডফিল্ডার তাঁকে ‘ফাক ইউ’ বলে গালি দিয়েছেন। তবে বেলিংহাম ও রিয়াল শিবিরের দাবি, তিনি আসলে বলেছেন ‘ফাক অফ’, যা প্রকৃতপক্ষে একজনের প্রতি ব্যক্তিগত আক্রমণ নয়, বরং হতাশা প্রকাশের একটি সাধারণ ইংরেজি বাক্য।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি স্পষ্টভাবেই বলেন, 'রেফারি ইংরেজিটা ঠিকমতো বুঝতে পারেননি। ‘ফাক ইউ’ ও ‘ফাক অফ’-এর মধ্যে পার্থক্য রয়েছে। এটি ছিল ভুল ব্যাখ্যা। আমি আর কিছু বলতে চাই না, কারণ পরের ম্যাচে ডাগআউটে থাকতে চাই।'
রেফারির প্রতিবেদনের আগে থেকেই ক্লাব ও বেলিংহাম জানতেন, কী লেখা হতে পারে। তাই মিশ্র অঞ্চলেই নিজের অবস্থান পরিষ্কার করতে আসেন ইংলিশ তারকা।
বেলিংহাম বলেন, 'এটি সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। আমি যা বলেছি, তা রেফারির প্রতিবেদনে লেখা বক্তব্যের সঙ্গে মেলে না। আমি কাউকে গালি দিইনি, এটি ভিডিওতেই স্পষ্ট। আমি কোনোভাবেই দলের বিপদ ডেকে আনতে চাইনি। রেফারি ভেবেছেন আমি তাঁকে বলেছি, কিন্তু আসলে আমি নিজের হতাশা প্রকাশ করছিলাম।'
স্পেনে আসার পর থেকেই ইংলিশ ভাষার ব্যবহারে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে বেলিংহামকে। তিনি বলেন, 'আমি একজন ইংলিশ খেলোয়াড়, স্বাভাবিকভাবেই কিছু কথা ইংরেজিতে বলে ফেলি। হয়তো স্প্যানিশে বলাটা ঠিক হতো। গত মৌসুমে এমন কিছু হলে আমার দোষ ছিল, কিন্তু এবার এটি ছিল ভুল বোঝাবুঝি।'
বেলিংহামের দাবি, ভিডিও ফুটেজ তার পক্ষে কথা বলবে। তিনি বলেন, 'আমার কথাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। লিপ-রিডিং করলেই বোঝা যাবে, আমি যা বলেছি তা প্রতিবেদনে যা লেখা আছে, তার সঙ্গে মেলে না।'
এখন দেখার বিষয়, স্প্যানিশ ফুটবল ফেডারেশন এই বিতর্কিত লাল কার্ড নিয়ে কোনো পদক্ষেপ নেয় কি না। যদি ভিডিও ফুটেজ বেলিংহামের পক্ষে কথা বলে, তবে রেফারির সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হতে পারে।