পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খানকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা হিসেবে অভিহিত করেছেন। তার মতে, রশিদ খান ওয়াসিম আকরামের চেয়েও বড় ক্রিকেটার।
পাকিস্তানের ‘জিও নিউজ’-এর টক শো ‘হাসনা মানা হ্যায়’-তে আলাপকালে তিনি এই মন্তব্য করেছেন।
সেখানে লতিফ বলেন, ‘রশিদের হাত ধরেই আফগানিস্তান বিশ্ব ক্রিকেটে নিজেদের পরিচিতি তৈরি করেছে। তার অসামান্য পারফরম্যান্স দলকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। তিনি ওয়াসিম আকরামের চেয়েও বড় ক্রিকেটার। আমি দুঃখিত, রশিদের মর্যাদা এখন আরও উঁচুতে।’
তবে লতিফ মনে করেন, রাশিদ খানের আরও উন্নতির সুযোগ রয়েছে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, ‘আমার একটাই পরামর্শ—আফগানিস্তানের টেস্ট দলকে আরও শক্তিশালী করো এবং পাকিস্তানের বিপক্ষে বেশি টেস্ট ম্যাচ খেলো।’
এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান। দলের প্রতিভাবান অফ-স্পিনার এএম গজনফর চোটের কারণে অন্তত চার মাস মাঠের বাইরে থাকবেন। এই চোটের ফলে তিনি কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, আইপিএলেও খেলতে পারবেন না।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘এএম গজনফর পিঠের নিচের অংশে (এলফোর ভার্টিব্রা) গুরুতর চোট পেয়েছেন। এটি জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক সফরের সময় হয়েছে। পুনরুদ্ধারে কমপক্ষে চার মাস সময় লাগবে।’
গজনফরের অনুপস্থিতি আফগানিস্তানের স্পিন আক্রমণে বড় ধাক্কা দিতে পারে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ আসরে। টুর্নামেন্টে আফগানিস্তান তাদের অভিযান শুরু করবে ২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে তারা। গজনফরের পরিবর্তে নতুন একজন স্পিনার অন্তর্ভুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দল কতটা ভালোভাবে এই সংকট সামাল দিতে পারে, সেটিই এখন দেখার বিষয়।