কুষ্টিয়া-ঝিনাইদাহ সড়কের চৌড়হাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রলিচাপায় ইব্রাহিম আলী (৬) নামের প্রথম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ ফ্রেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চৌড়হাস এলাকায় নিজ স্কুল প্রতীতি বিদ্যালয়ের সামনে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
এ সময় শিশুটির সঙ্গে থাকা দাদী আনোয়ারা খাতুনও গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। দাদীর সাথে শিশু ইব্রাহিম রাস্তা স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন।
শিশু ইব্রাহিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জন-গাছি গ্রামের আহসান হাবীবের পুত্র। বাবার কর্মসূত্রে তারা বটতৈল বিসিক এলাকায় বসবাস করতো।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইব্রাহীমকে নিয়ে তার দাদী আনোয়ারা খাতুন প্রতিদিনে মতো বিদ্যালয়ে আসছিলেন। বিদ্যালয়ের সামনে এসে রাস্তা পার হওয়ার সময় শ্যালো ইঞ্জিন চালিত বালুভর্তি ট্রলী দুইজনকেই চাপা দেয়। এতে ঘটনাস্থালেই ইব্রাহিমের মৃত্যু হয়। স্থানীয়রা আনোয়ারাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে স্কুলের সামনেই মর্মান্তিক এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা ওই ট্র্রলিতে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে হাইওয়ে পুলিশ এসে ঘটনাস্থল নিয়ন্ত্রণে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, ট্রলিচাপায় শিশু নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে স্থানীয়দের আগুন ধরিয়ে দেওয়া ট্রলিটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।