খুলনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৫০) নিহত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর জীবন বীমা অফিসের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
খুলনা সদর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, রেলস্টেশনে যাত্রী নামিয়ে রাজশাহী হতে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি ওয়াস ফিল্ডে যচ্ছিল। এ সময় জীবন বীমা অফিসে ও নুর শপিং সেন্টার সংলগ্ন গলি দিয়ে এক ব্যক্তি দৌঁড়ে এসে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। স্থানীয়রা তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।
ফাঁড়ির ইনচার্জ আরও বলেন, ট্রেনটি ওই ব্যক্তির ওপর দিয়ে চলে গেলে মাথাটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।