চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। আট বছর আগে সবশেষ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই চ্যাম্পিয়ন দলকে নেতৃত্ব দিয়েছিলেন সরফরাজ আহমেদ।
সাবেক এই উইকেটকিপার ব্যাটার তার বিশ্লেষণে জানালেন, এবারের আসরে সেরা চারে থাকতে পারে কোন দলগুলো।
এবার চ্যাম্পিয়নস ট্রফির চার সেমিফাইনালিস্ট বেছে নেওয়ার বেলায় সরফরাজ বলেন, 'যদি আমাকে সেমিফাইনালের জন্য চার দলকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে এই তালিকায় রাখবো। কিন্তু অন্য কোনও দলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।'
আফগানিস্তানকে নিয়ে আলাদাভাবে সরফরাজ বলেন, 'যে কোনও দল এটা জিততে পারে। আমি বিশ্বাস করি আফগানিস্তানের ভালো একটা দল আছে। ভালো কয়েকজন স্পিনার তাদের আছে, এই ধরনের কন্ডিশনে জিততে হলে সেটা আপনার প্রয়োজন হবে।'
পাকিস্তান স্বাগতিক তাই ভক্ত-সমর্থকদের আশা বেশি বলে কিছুটা চাপে থাকবে পাকিস্তান। এমনটি মনে করেন সরফরাজ। 'ঘরের মাঠে খেলা, বর্তমান চ্যাম্পিয়নও। এসব তাদের অবশ্যই চাপে রাখবে। অনেক প্রত্যাশা থাকতে তাদের নিয়ে। ভক্তরাও পাশে থাকছে।'