সু চি-হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের হত্যা এবং মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি, দেশটির সামরিক সরকারপ্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আর্জেন্টিনার একটি আদালত। ২০১৭ সালে রোহিঙ্গাদের দমনে পরিচালিত অভিযানটিকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে আর্জেন্টিনার আদালতে মামলা করেছিল একটি আন্তর্জাতিক রোহিঙ্গা অ্যাডভোকেসি সংস্থা। সর্বজনীন বিচারব্যবস্থা আদর্শের আওতায় করা সেই মামলার ওপর শুনানি শেষে শনিবার এ রায় দেয় আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য ব্যক্তি হলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হিতিন কিয়াও।

এর আগে জাতিসংঘের পর্যবেক্ষক দল ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মিয়ানমারে জাতিগতভাবে রোহিঙ্গাদের নির্মূলের অভিযোগ তুলেছে আগেই। সু চির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে বলা হয়, তৎকালীন সরকারপ্রধান হয়েও নিপীড়ন বন্ধে কোনো পদক্ষেপ নেননি। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছিলেন সু চি।