নগদের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা আইন-বিচারব্যবস্থার জন্য হুমকি বলে মনে করছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। হামলার নিন্দা জানিয়ে এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, এ ধরনের হামলা সুশাসন, জবাবদিহি ও আইনের শাসনকে দুর্বল করার একটি প্রচেষ্টা। গতকাল রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে সেলিম আর এফ হোসেন বলেন, ‘বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসকের ওপর এমন আক্রমণ শুধু একজন ব্যক্তির ওপরই আক্রমণ নয়; বরং দেশের আইন ও বিচারব্যবস্থার জন্য সরাসরি হুমকিও। আইনের শাসন দ্বারা পরিচালিত একটি সমাজে এ ধরনের কর্মকা-ের কোনো স্থান নেই। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের বিচারের আওতায় আনার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।’
এতে আরও উল্লেখ করা হয়, দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোয় সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি সমুন্নত রাখার প্রচেষ্টায় বাংলাদেশ ব্যাংকের পাশে থেকে সহায়তা করার ব্যাপারে এবিবি প্রতিশ্রুতিবদ্ধ। আইনের শাসনকে সর্বোচ্চ সম্মান জানিয়ে আর্থিক খাতকে বিপর্যস্ত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে অংশীজনদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছে এবিবি।
গত বুধবার বিকেলে বনানী ১২ নম্বর সড়কে নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হন। এ ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাও প্রতিবাদ করেছেন।