প্রকাশিত হলো সংবাদ, সংবাদপত্র ও সাংবাদিকতার ইতিহাস নিয়ে নতুন গ্রন্থ সন্ধিক্ষণের সংবাদ। ২০টি অধ্যায় ও চারটি পরিশিষ্ট নিয়ে রচিত এই ১৯২ পৃষ্ঠার এই গ্রন্থটিতে দুষ্প্রাপ্য সংবাদপত্রের ছবি ও নথি যুক্ত করা হয়েছে। যা সাংবাদিকতার ইতিহাসে এক বিশেষ সংযোজন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মো. মিনহাজ উদ্দীন ও দৈনিক প্রথম আলোর অনলাইন বিভাগের সহ-সম্পাদক সাইফুল সামিন যৌথভাবে এই গ্রন্থটি রচনা করেছেন।
এছাড়া গ্রন্থটির আলোচিত অধ্যায়গুলোতে সংবাদপত্রে ব্রিটিশ বিরোধীতা, ১৯৫২ সালের সংবাদপত্র, সংবাদপত্রে ৭ মার্চ, ২৫ মার্চ কালরাতে সায়মন ড্রিং এর প্রতিবেদনের পেছনের গল্প, একাত্তরের ফটোসাংবাদিকতা, মুজিবনগর সরকারের সংবাদ অন্যতম।
এছাড়া ১৯৭৫ সালের সংবাদ ও সাংবাদিকতা নিয়ে তিনটি অধ্যায় রয়েছে গ্রন্থটিতে। যাতে আছে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা, ৩ নভেম্বরে খালেদ মোশাররফের অভ্যুত্থান ও ৭ নভেম্বর জিয়াউর রহমানের সিপাহী-জনতার অভ্যুত্থানের সংবাদ। এই অধ্যায়গুলোতে যুক্ত আছে অনেক ঐতিহাসিক ছবি। যা গ্রন্থটিকে সমৃদ্ধ করেছে। এছাড়া চারটি পরিশিষ্টে ভারতবর্ষের সাংবাদিকতার জনক জেসম অগাস্টাস হিকি, আবুল মনসুর আহমদ, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও কুলদীপ নায়ারকে নিয়ে বিষদ আলোচনা আছে। যা একটি বিশেষ সংযোজন।
বইটির লেখক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. মিনহাজ উদ্দীন জানান, এর আগে সুব্রত সংকর ধর বাংলাদেশের সংবাদপত্র নামের একটি অসাধারণ গ্রন্থ রচনা করেছেন। সেটি খুবই ভাল বই। কিন্তু বইটির পরিসর খুব ছোট, মাত্র ১১৪ পৃষ্ঠা। এছাড়া ১৯৮৫ সালে প্রথম প্রকাশিত ঔই গ্রন্থটিতে কোন ছবি নেই। আমি মনে করি সংবাদপত্রের ইতিহাস পাঠের সাথে যদি প্রাসঙ্গিক ছবি থাকে সেটা শিক্ষণ প্রক্রিয়ার জন্য ভাল। সেই ধারণা থেকে এই গ্রন্থে প্রয়োজনীয় ও দুষ্প্রাপ্য অনেক ছবি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে সুব্রত সংকর ধরের গ্রন্থটিতে ১৯৭১ সাল পর্যন্ত ঘটানবলী আলোচিত হয়েছে। সেখানে এই গ্রন্থে আমরা ১৯৭১ সাল পরবর্তী বেশ কয়েকটি জরুরি অধ্যায় যুক্ত করেছি।
গ্রন্থটির অপর লেখক সাইফুল সামিন জানান, মো. মিনহাজ উদ্দীন ও আমি একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়েছি। মিনহাজের ইতিহাসের প্রতি ঝোক প্রবল। আমারও আগ্রহ আছে। সেই ভাললাগা থেকেই দুজন মিলে এই গ্রন্থের পরিকল্পনা। আমি বলবো, বইটির অনেক সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু তারপরও আমরা চেষ্টা করেছি এমন একটা গ্রন্থ রচনা করতে যাতে গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষার্থীরা লাভবান হন। তারা যাতে একটি গ্রন্থের মধ্যেই অনেক কিছু পেয়ে যান। আগামী দুই বছর পর গ্রন্থটিতে আরও কয়েকটি অধ্যায় যুক্ত করে বড় কলবরে বের করার ইচ্ছে আমাদের রয়েছে। আমরা এটিকে সাংবাদপত্র ও সাংবাদিকতার ইতিহাস নিয়ে একটি পরিপূর্ণ ও সময় উপযোগী গ্রন্থ হিসেবে তৈরি করতে চাই।
পলল প্রকাশনী থেকে প্রকাশিত ১৯২ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৫৪০ টাকা। যাতে ২০-২৫ শতাংশ ছাড়ে অমর একুশে গ্রন্থমেলা থেকে আগ্রহীরা কিনতে পারবেন। গ্রন্থ মেলায় পলল প্রকাশনীর স্টল নম্বর ১২৬ -১২৭।