অস্ত্রোপচার শুরু নিউরোসায়েন্সেস হাসপাতালে

রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালে অস্ত্রোপচার শুরু হয়েছে। পরিচালকের পদত্যাগের দাবি ও চিকিৎসকদের ওপর চতুর্থ শ্রেণির কর্মচারীদের হামলার প্রতিবাদে গত চার দিন ধরে বন্ধ রাখা সব ধরনের অস্ত্রোপচার গতকাল রবিবার থেকে আবার শুরু করেছেন চিকিৎসকরা। ফলে স্বাভাবিক অবস্থায় ফিরেছে হাসপাতাল। সব ধরনের চিকিৎসা পাচ্ছেন রোগীরা।

গতকাল সকাল থেকেই হাসপাতালের জরুরি ও বহির্বিভাগের সেবা চালু থাকার পাশাপাশি নিয়মিত অস্ত্রোপচারও হয়েছে।

এ ব্যাপারে আন্দোলরত চিকিৎসকদের একজন হাসপাতালের বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব শাখার সাধারণ সম্পাদক ও নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি দেশ রূপান্তরকে বলেন, বর্তমানে হাসপাতালের সব কার্যক্রম স্বাভাবিক আছে, শান্তিপূর্ণভাবে পূর্ণমাত্রায় চলছে। অপারেশনও চলছে। নতুন পরিচালক এখনো নিয়োগ হয়নি। পরিচালকের অবর্তমানে যুগ্ম পরিচালক হাসপাতালের কাজ করছেন।

তিনি আরও বলেন, ‘গতকাল পরিচালক অফিসে আসেননি। কিন্তু তিনি চতুর্থ শ্রেণির কর্মচারীদের দিয়ে একটি মানববন্ধনের আয়োজন করেছিলেন। কারণ উনি আবার হাসপাতালে ফিরতে চান ও কর্মচারীদের দিয়ে সেই দাবি তুলতে চান। পাশাপাশি এসব কর্মচারীর উদ্দেশ্য ছিল আন্দোলনরত চিকিৎসকদের হাসপাতালে ঢুকতে না দেওয়া। এ তথ্য আমাদের কাছে আগে থেকেই ছিল। কমর্চারীরা সকাল সাড়ে ৮টার দিকে মানববন্ধনের আয়োজনও করেছিলেন। আমরা আগেই বিষয়টি পুলিশকে জানিয়েছি। পুলিশ প্রশাসনের সহায়তায় ওদের আর মানববন্ধন করতে দেওয়া হয়নি। এরপর থেকেই হাসপাতালের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। পুলিশ পাঁচজনকে আটক করেছিল। পরে আমরা গিয়ে ছাড়িয়ে আনি। হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু দেশ রূপান্তরকে বলেন, ‘সবকিছু স্বাভাবিক আছে। আউটডোর ও ইনডোরে স্বাভাবিক চিকিৎসা চলছে। পাঁচজন কর্মচারীকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছিল। তাদের মধ্যে চারজন কর্মচারী ও একজন ডাব বিক্রেতা ছিলেন। আমরা তাদের ছাড়িয়ে এনেছি।’