চ্যাম্পিয়নস ট্রফি: করাচি স্টেডিয়ামে নেই ভারতের পতাকা

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর একদিন বাকি। ভারতের আপত্তিতে এবারের আসরটি হবে হাইব্রিড মডেলে। অংশগ্রহণকারী আট দলের মধ্যে শুধু ভারতীয় দলই তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। বাকি সাত দল পাকিস্তান ও দুবাই মিলিয়েই খেলবে। এর মাঝেই দেখা গেল, করাচিতে পাকিস্তানের জাতীয় স্টেডিয়ামে নেই ভারতের পতাকা।

রাজনৈতিক কারণে এক দশকের বেশি সময় ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। তাছাড়া ভারতীয় দল পাকিস্তানের মাটিতে যায় না। অনেক নাটকীয়তার পর হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তান অনেক চেষ্টা করেও নিজেদের মাটিতে সব ম্যাচ আয়োজন করতে পারেনি। এই কারণেই কি লাহোরের করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা ওড়ানো হয়নি?

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, করাচি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া ৮ দলের মধ্যে ৭ দলেরই পতাকা লাগানো হয়েছে। শুধু নেই ভারতের পতাকা। অনেকের দাবি, ভারতীয় দল যেহেতু পাকিস্তানে যাচ্ছে না, তারই জবাব হিসেবে ভারতের পতাকা লাগানো হয়নি। শুধু তাই নয়, পাকিস্তানে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ফটোসেশনেও যাচ্ছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা।

পতাকার বিষয়ে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে এই ঘটনায় পাকিস্তানের ক্রিকেট দর্শকদের অনেককেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছাস প্রকাশ করতে দেখা গেছে। ভারতের গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ বলছে, করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা না থাকার সঠিক কারণ জানা যায়নি। এ বিষয়ে পিসিবিও এখন পর্যন্ত কিছু জানায়নি।