কুমারখালীতে ডেভিল হান্ট অভিযানে ১১ জন গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে ডেভিল হান্ট অভিযানে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে কুমারখালী পৌর বাস টার্মিনাল ও উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এ নিয়ে গত ৯ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ১১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

গ্রেপ্তাররা হলেন— উপজেলার চাঁদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রিংকু। তিনি ওই ইউনিয়নের মিরপুর গ্রামের মশিউর রহমানের ছেলে। অপরজনের নাম নীল চাঁদ। তিনি চাপড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোশারফ শাহের ছেলে ও যুবলীগের কর্মী।

থানা সূত্রে জানা গেছে, সারা দেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতে ডেভিল হান্ট অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানে গত ৯ ফেব্রুয়ারি পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মবিন হাসান প্রান্ত ও উপ দপ্তর সম্পাদক মেজবাপ হক হৃদয়। ১১ ফেব্রুয়ারি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিমুল শেখ ও বাগুলাট ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেন্টু । ১৩ ফেব্রুয়ারি চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক তোফাজ্জেল শেখ ও জগন্নাথপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি সাইদুল ওরফে শহিদ। ১৪ ফেব্রুয়ারি কয়া ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক রমেজ খান ও আমিরুল ইসলাম। গত শনিবার শিলাইদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ও ইউপি সদস্য কালু মিয়া।

এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ। তিনি বলেন, গত ৯ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত 'ডেভিল হান্ট' অভিযানে ১১ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।