কুষ্টিয়ার দৌলতপুরে ইট বোঝায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির চাপায় শাকিব (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল ইট ভাটার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
শাকিব উক্ত এলাকার আকবর মন্ডলের ছেলে এবং সলিমপুর মডেল স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে মাঠে বাবা আকবর মন্ডলের জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলো শাকিব। পথিমধ্যে কৈপাল ইটভাটা থেকে ইট নিয়ে যাওয়ার সময় একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলি শাকিবকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সামসুল আরেফিন জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশু শাকিবের মৃত্যু হয়েছিল।