ব্যাটিং ব্যর্থতায় মাত্র ২০২ রান করতে পেরেছিল বাংলাদেশ। দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসকে বোলিংয়েও আটকাতে পারেনি। ফেলতে পেরেছে মাত্র ৩ উইকেট। ৯ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায় শাহিনস।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর পরও ব্যাটিং লাইনআপের ধসে গা গরমের ম্যাচে লড়াইয়ের পুঁজি গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত ৩৮.৪ ওভারে ২০২ রানেই অলআউট হন টাইগাররা। বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ তামিম মাত্র ৬ রানে বোল্ড হয়ে ফেরেন। অধিনায়ক শান্ত ১২ রানেই ফিরতি ক্যাচ দিয়ে থেমে যান। সাবলীল ব্যাটিংরত সৌম্য ৩৮ বলের ইনিংসে চার বাউন্ডারিতে ৩৫ রানে কাটা পড়েন রান আউটে। মিরাজকে কিছুক্ষণ সঙ্গ দিলেও তাওহীদ হৃদয় ১৯ রানের বেশি করতে পারেননি। এরপর দ্রুতই ধসে পড়ে বাংলাদেশের ইনিংস। ৫৩ বলে ৪৪ রান করেন মিরাজ। ব্যর্থ হন মুশফিকুর রহিম ও জাকের আলী। বিপর্যয়ে প্রতিরোধের চেষ্টা করেন তানজিম সাকিব ও রিশাদ। রিশাদ ১৪ ও তানজিম ২৭ বলে ৩০ রান করেন। এছাড়া নাসুমের ব্যাটে আসে ১৫ রান। বোলিংয়ে পাকিস্তানের ৩টি উইকেট ভাগ করে নেন নাহিদ রানা, মিরাজ ও সাকিব।