আসন্ন রমজানে সুলভ মূল্যে ২৫ স্থানে চারটি পণ্য বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উদ্যোগে ২৫০ টাকায় এক কেজি ড্রেসিং করা ব্রয়লার মুরগির মাংস ও ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করা হবে। এ ছাড়া প্রতি ডজন ডিম ১১৪ টাকা ও ৮০ টাকা দরে প্রতি লিটার দুধ বিক্রি করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর মেরুল বাড্ডায় এ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হবে।
গতকাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরে এ ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। উপদেষ্টা আরও বলেন, ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে।
যেসব স্থানে পণ্য বিক্রি করা হবে তার মধ্যে রয়েছে সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড), খামারবাড়ী (ফার্মগেট), ঘাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন (আজিমপুর), নয়াবাজার (পুরান ঢাকা), বনশ্রী, হাজারীবাগ (সেকশন), আরামবাগ (মতিঝিল), মোহাম্মদপুর (বাবর রোড), কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে), শাহাজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি, কামরাঙ্গীর চর, খিলগাঁও (রেলক্রসিং দক্ষিণে), নাখালপাড়া (লুকাস মোড়), সেগুনবাগিচা (কাঁচাবাজার), বসিলা (মোহাম্মদপুর), উত্তরা (হাউজ বিল্ডিং), রামপুরা (বাজার), মিরপুর ১০, কল্যাণপুর (ঝিলপাড়), তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার) ও কাকরাইল।