অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১০ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ৩২৪ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রী হনুফা আক্তার রিক্তার বিরুদ্ধে আলাদা দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গতকাল সোমবার বিকেলে ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, সাবেক মন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রাখার অভিযোগে একটি মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন।
তিনি আরও বলেন, মুজিবুল হকের প্রভাব খাটিয়ে তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৭৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রাখার অপরাধে একটি মামলা করা হয়।