আট মাস পর কাজ মূল্যায়নের আহ্বান ডিএনসিসি প্রশাসকের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ আগামী আট মাস পর তার কাজের মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আগামী আট মাস পর আপনারা বলতে পারবেন যে কিছু একটা করেছি। আগে যারা দায়িত্বে ছিল তারা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা তেমন কিছু করতে পারেনি। আমি তাদের মতো প্রতিশ্রুতি দেব না, যা করব আপনাদের সঙ্গে নিয়েই করব। সব দৃশ্যমান থাকবে।’

গতকাল সোমবার রাজধানীর গুলশান ২ নম্বরে ডিএনসিসির নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিএনসিসির নতুন এ প্রশাসক।

নিজেকে নির্দলীয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমি কোনো দলের লোক না। ডিএনসিসি দলীয় প্রভাবমুক্ত রাখার চেষ্টা করব। সবাইকে বলে দিচ্ছি কেউ কোনো দলীয় তদবির নিয়ে আমার কাছে আসবেন না।’ মোহাম্মদ এজাজ বলেন, ‘এই শহর আমার, আপনার, আমাদের সবার। অদম্য, সৃজনশীল আর সংহতির এক শহর। এই শহরটিকে মানবিক ও ন্যায়ের শহর হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে বহু বছর ধরে আমি আপনাদের সঙ্গে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ঢাকা যেন শুধু ইট-পাথরের শহর হয়ে না থাকে বরং এটি এমন একটি প্রাণবন্ত শহর হয়, যেখানে মানুষ ও প্রকৃতি একে অপরের থেকে আলাদা নয়, যেখানে শহরের স্পন্দন নানা জীবন ও সংস্কৃতির মিলনে তৈরি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার ভূমিকা হবে সেই পথচলার আরেক ধাপ।’

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আমি প্রথমে একজন ঢাকাবাসী, তারপর একজন প্রশাসক। আমি এমন প্রশাসনের ধারণায় বিশ্বাস করি না যেখানে প্রশাসক সবার ওপরে বসে থাকেন। আমাদের নগর শাসনের অনেক কিছুই ব্রিটিশ আমল থেকে এসেছে, যা আমরা এখনো অনুসরণ করে যাচ্ছি। এখন সময় এসেছে সেই পুরনো ধাঁচ ভেঙে ফেলার এবং মানুষের অংশগ্রহণের ওপর ভিত্তি করে নতুনভাবে নগর শাসন পরিকল্পনা করার। আমি আপনাদের আমার সঙ্গে এ উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানাই। আপনারা গঠনমূলক সমালোচনা করুন, আপনার ভাবনাগুলো শেয়ার করুন এবং বদলের পথে বাস্তব পদক্ষেপ নিতে আমাদের সাহায্য করুন।’