বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি এলাকা থেকে অপহৃত ২৬ জন শ্রমিকের মধ্যে মো. জিয়াউর রহমান (৪৫) নামে একজন পালিয়ে এসেছেন। বাকিদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী।
রবিবার সকালে তাদের অপহরণ করা হয়েছিল। রাবার বাগানের মালিকরা জানান অপহরণকারীরা আজ সকালেও মুক্তিপণ দাবি করেছে। মুক্তিপণ না দিলে এসব শ্রমিকদের হত্যা এবং রাবার বাগান পুড়িয়ে ধ্বংসের হুমকি দিয়েছে।
রাবার বাগানের মালিকরা আরও জানান, পাহাড়ি সশস্ত্র অপহরণকারীরা সব শ্রমিকের মুক্তির জন্য মোটা অঙ্কের টাকা দাবি করেছেন।
লামার সরই ইউনিয়নের বাসিন্দা জাকির বলেন, একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ লামায় বেশ কিছুদিন ধরে চাঁদাবাজি করে আসছে। তারাই অপহরণের সঙ্গে যুক্ত। লামা থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, সশস্ত্র সন্ত্রাসীরা সবাই পাহাড়ি। অপহৃত ২৬ জনের মধ্যে একজন পালিয়ে আসতে সক্ষম হয় এখনো বাকি অপহৃত ২৫ জন শ্রমিককে উদ্ধার করতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে।