স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। তবে তার বিরুদ্ধে কয়টি মামলা আছে এবং কোন মামলা গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, জাহাঙ্গীর আলমকে বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দুদকের মামলা আছে। তাদের চাহিদার কারণে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। দুদকের কাছে তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
২০২৩ সালের অক্টোবরে জাহাঙ্গীর আলম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হন। গত ২০ আগস্ট তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। গত ২৮ অক্টোবর তাকে বাধ্যতামূলক অবসর দেয় সরকার।
জাহাঙ্গীর আলম একসময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব–১ ছিলেন। তিনি সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের চেয়ারম্যানসহ বিভিন্ন কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে তিনি সচিব পদে পদোন্নতি পান।
জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিসিএস একাদশ ব্যাচে প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৩ সালে চাকরিতে যোগ দেন।