বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন চলবে চার দিনব্যাপী। জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার আমলে দুই দেশের মধ্যে এটাই প্রথম সীমান্ত সম্মেলন।
ইতোমধ্যে সম্মেলন অংশ নিতে গতকাল সোমবার বিজিবির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন।
জানা গেছে, এই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে বরাবরের মতোই সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো বা সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া এবার নিয়মিত আলোচ্য বিষয়গুলোর সঙ্গে ভারত সীমান্ত দিয়ে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ রোধ, সীমান্তবর্তী চারটি খালের বর্জ্য পানি অপসারণে উপযুক্ত পানি শোধনাগার স্থাপন, কুশিয়ারা নদীর সঙ্গে রহিমপুর খালের মুখ উন্মুক্তকরণ এবং আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ক্যাম্পের সম্ভাব্য অবস্থান ও তাদের কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য বিনিময়সহ অন্তত সাতটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে।