আসিফ নজরুল বললেন

জনগণকে নিপীড়নে ডিসিদের ব্যবহার করেছে ফ্যাসিস্টরা

ফ্যাসিস্ট সরকার জনগণকে নিপীড়ন ও অত্যাচার করতে ডিসিদের ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, বিগত সরকারের আমলে দেশের সবচেয়ে মেধাবী ডিসিরা কাজ করছেন। আমরা চাই আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন, প্রশাসন ক্যাডারের এই অসীম সম্ভাবনাগুলোকে তারা যেন জনগণের নিপীড়নে কাজে না লাগান।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আমাদের ডিসিরা আসলেই অনেক কিছু জানেন। কারণ, কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে সবচেয়ে মেধাবী মানুষরাই প্রশাসনে আসেন এবং ডিসি হিসেবে কাজ করেন। রাষ্ট্রের এত বড় একটা রিসোর্সকে গত ফ্যাসিজম জনগণকে অত্যাচার-নির্যাতন করার জন্য এবং নিজেদের অপকর্ম ঢাকার জন্য ব্যবহার করেছে।

আইন উপদেষ্টা বলেন, আমরা যদি ডিসিদের ভালোভাবে কাজে লাগাতে পারি, বিশেষ করে রাষ্ট্রের সেবা করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ভূমি ব্যবস্থাপনা ও সুন্দর স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য, তাহলে আগামী দিনে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব। আমি মনে করি, সেটুকু মানসিকতা তাদের আছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক; আমাদের প্রশাসন ক্যাডারের যে অসীম সম্ভাবনা রয়েছে, সেটাকে জনগণের নিপীড়নে কাজে না লাগিয়ে, সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়। এটাই আমার প্রত্যাশা।

এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, এখানে কোনও ফর্মুলার বিষয় নেই, আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ ছাড়া তাদের আর কোনও কাজই নেই।