সিংগাইরে ক্রিকেট একাডেমি করতে চান জাবেদ ওমর

মানিকগঞ্জের সিংগাইরে ক্রিকেট একাডেমি করতে চান জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাবেদ ওমর বেলিম গোল্লা। 
সিংগাইরে স্কুলের খুদে শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণকালে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাবেদ ওমর বেলিম গোল্লা এ কথা বলেন। ক্রিকেট সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন সিংগাইরের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা " দি প্লাস্টিসিটি "কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান।

জাভেদ ওমর বলেন, 'একজন সাধারণ বাচ্চা সেও খেলতে চায়। কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়ে উঠে না। ওদের বিকাশের জন্য সামান্য সামগ্রীই যথেষ্ট। এখন বাচ্চাদের বাবা-মাও সন্তানদের মোবাইল দিয়ে বসিয়ে দেয়। মোবাইল আসক্তি থেকে বের করে খেলাধুলায় যুক্ত হলে মেধা বিকাশ হবে। এই ক্ষুদ্র প্রয়াসে সামাজ সেবামূলক বিভিন্ন ভালো কাজগুলো করে যেতে চাই।'

এসময় আরো বক্তব্য রাখেন মর্নিং গ্লোরি মডেল স্কুলের পরিচালক মোঃ ফারুক আহমেদ, জেনিথ কিন্ডার গার্টেনের পরিচালক মোঃ আমিনুল ইসলাম খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিংগাইর প্রতিনিধি ও সিংগাইর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম তানভীর ।