খাল দখল করে সাবেক বিএনপি নেতার সেতু নির্মাণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনীর অধিনস্থ ডিএনডি প্রকল্পে পানি নিষ্কাশন খাল দখল করে লোহার সেতু নির্মাণ করার অভিযোগ উঠেছে বহিষ্কৃত এক বিএনপি নেতার বিরুদ্ধে। নিজেদের জমির ব্যবসা-বাণিজ্য চাঙা করতে প্লট বিক্রি করার সুবিধার্থে গত কয়েকদিন ধরে চলছে সেতু নির্মাণের কাজ। মিজমিজি দক্ষিণপাড়া দশপাইপ এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নির্দেশে মো. জসিম উদ্দিন গং এ সেতুটি নির্মাণ করছেন।

জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ (ডিএনডি) প্রকল্পের ভেতরে যে খালে সেতুটি নির্মাণ করা হচ্ছে, সেটি বাংলাদেশ সেনাবাহিনীর-২৪ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন বিগ্রেডের অধীনে ১৯ ইসিবি দায়িত্বে রয়েছে। ডিএনডি এলাকার জলাবদ্ধতা দূরীকরণে ২০১৭ সালের শেষের দিকে প্রকল্পের কাজ শুরু করেন সেনাবাহিনী। পানি চলাচলের জন্য এসব খাল দখল করে গড়ে ওঠা সকল অবৈধস্থাপনা উচ্ছেদ ও খালের ওপর নির্মিত কাঠের পুল এবং বাঁশের সাঁকো ভেঙে গুরুত্বপূর্ণ পয়েন্টে পাকা ব্রিজ নির্মাণ ও খাল খনন করা হয়। প্রকল্পের দায়িত্বে থাকা সেনাবাহিনীর অনুমিত ছাড়াই সেতুটি নির্মাণ করা হচ্ছে। এতে বর্ষকালে পানি চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানতে চাইলে সেতু নির্মাণ শ্রমিকদের সর্দার মো. খলিল জানান, জসিম উদ্দিন তাকে সেতুটি নির্মাণ করার কাজ দিয়েছেন। তিনিই নির্মাণ কাজে তদারকি করছেন।

সেতু নির্মাণের তত্ত্বাবধানকারী জসিম উদ্দিন বলেন, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে সন্মিলিতভাবে সেতৃটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের দায়িত্বে থানা সেনাবাহিনীর অনুমতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেনাবাহিনীর অনুমতি নেওয়া হয়নি। তবে সেনাবাহিনীর একটি টিম এসে দেখে গেছে। তারা বলে গেছেন, তাদের কাজের সুবিধার্থে যেকোনও সময় সেতুটি ভেঙে দেবে।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, আমার নির্দেশেই আমার লোকজন সেতুটি নির্মাণ করছে।

প্রকল্প ক্যাম্পের সেনাবাহিনীর সার্জেন্ট মতিয়ার রহমান বলেন, খাল দখল করে সেতু নির্মাণের বিষয়টি আমরা অবগত নই। সেখানে সেনাবাহিনীর কোনও টিম যায়নি। সরেজমিন গিয়ে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।