সংস্কারের নামে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: টুকু

সংস্কারের নামে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হলে বিএনপি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ মঙ্গলবার নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে পাবনায় বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে ইকবাল হাসান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একটি দল একাত্তরে কি করেছে মানুষ জানে। তারা কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি। এখন সংস্কারের নামে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে।

সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ জাতীয় নির্বাচন করা, স্থানীয় নির্বাচন করা তাদের কাজ নয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে দেওয়া হবে না। সংস্কার করবে নির্বাচিত সরকার। বিএনপির ৩১ দফায় সংস্কারের সব প্রস্তাব দেওয়া আছে। বাংলাদেশ স্বাধীন একবার হয়েছে। কিন্তু হায়েনামুক্ত বার বার হয়েছে। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আবারও রাজপথে নামবে।

সাম্প্রতিক নানা বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রতিক্রিয়ায় ইকবাল হাসান মাহমুদ বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে জনগণ দেশে আনবে ফাঁসিকাষ্ঠে ঝোলানোর জন্য। ভারতের কাছে বাংলাদেশ প্রতিবেশীসুলভ আচরণ প্রত্যাশা করে, মোড়লগিরির মানসিকতা বাদ দিয়ে বাংলাদেশে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতেও ভারতের প্রতি আহ্বান জানান তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।