২০২৫-২৬ অর্থবছরের বাজেট অধিকতর অংশগ্রহণমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব করতে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে বাজেট প্রস্তাবনা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে দেশের সব চেম্বারস ও অ্যাসোসিয়েশনকে তাদের বাজেট প্রস্তাবনা লিখিত আকারে ২২ মার্চের মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে আরেকটি সফটকপি ইমেইলে পাঠাতে বলেছে এনবিআর।
এ বিষয়ে এনবিআরের তথ্য কর্মকর্তা আল আমিন শেখ বলেন, সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক ও গণমুখী বাজেট প্রণয়নে বরাবরই সব পর্যায়ের করদাতা বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে এনবিআরের বাজেট প্রস্তাব আহ্বান করেছে।
এনবিআর জানায়, বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কাছে লিখিতভাবে ২০ ফেব্রুয়ারির মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে প্রস্তাবের আরেকটি সফটকপি ইমেইল nbrbudget2025@gmail.com-এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। জাতীয় রাজস্ব বোর্ড প্রাপ্ত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি ওই ইমেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব প্রেরণ করতে পারবেন।