বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিতর্ক-সমালোচনায় সিলেটে এক দিনের মাথায় কমিটি স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর কমিটি ঘোষণার পরদিনই তা স্থগিত করা হয়েছে। গত সোমবার এ কমিটি ঘোষণা করার পরপরই বিতর্ক, সমালোচনা শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অনেকে ঘোষিত কমিটির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন। এমন পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে এক ফেসবুক পোস্টে কমিটি স্থগিতের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব।

পোস্টে গালিব লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন সিলেট মহানগর কমিটিতে অনাকাক্সিক্ষত অনেক ভুল থাকায় পেজ থেকে কমিটি সরিয়ে নেওয়া হয়েছে।’ নির্দিষ্ট অভিযোগ থাকলে বিভাগীয় প্রতিনিধিদের জানানোর পরামর্শ দিয়ে গালিব লিখেছেন, সংশোধনের পর পুনরায় কমিটি প্রকাশ করা হবে। এ ছাড়া সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় সিলেট ও সম্মিলিত মেডিকেল কলেজ সিলেটের কমিটি গঠনের কাজ চলমান রয়েছে। এ দুই ইউনিটে কাজ করতে আগ্রহীদের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন গালিব।

গত সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর কমিটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। কমিটির আহ্বায়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেলোয়ার হোসাইনকে দেওয়া পদ নিয়ে বেশি বিতর্ক দেখা দেয়।

ঘোষিত কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোমবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক ফয়সাল হোসেন। পোস্টে তিনি কেন্দ্রীয় আরেক সহ-সমন্বয়ক ও সিলেটের প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবের বিরুদ্ধে জুলাই আন্দোলনের মূল যোদ্ধাদের বাদ দিয়ে কমিটি গঠনের অভিযোগ করেন।

ফেসবুকে দেওয়া পোস্টে ফয়সাল লেখেন, ‘সিলেটের আন্দোলনে জীবনবাজি রেখে ময়দানে লড়াইকারীদের বড় একটা অংশকে বাদ দিয়ে শুধু গালিব ভাইয়ের নিজের কথামতো কাজ করবে সে যদি লীগও হয়, নন-সিলেটিও হয়; তাদের দিয়ে যে কমিটি আসার কথা, এখন দেখলাম তাই হলো।’

গত রবিবার রাতে ঘোষিত কমিটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেলোয়ার হোসাইনকে আহ্বায়ক, মদন মোহন কলেজের শিক্ষার্থী তামিম আহমেদকে সদস্য সচিব, এমসি কলেজের শিক্ষার্থী হাসান আহমদ চৌধুরী মাজেদকে মুখ্য সংগঠক এবং মদন মোহন কলেজের শিক্ষার্থী মো. রিয়াদ হোসেনকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল ১৯ জনকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল গত রবিবার সিলেট মহানগর শাখার এ কমিটি অনুমোদন করেছিলেন।