বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানালেন মাশরাফী

৮ বছর পর মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এ টুর্নামেন্টেই বাংলাদেশ পেয়েছে আইসিসি ইভেন্টে নিজেদের সবচেয়ে বড় সাফল্য। ইংল্যান্ডে ২০১৭ আসরে মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ। আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আরও একটি আসর। তার আগে বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন মাশরাফী।

নিজের ফেসবুক পেইজে মাশরাফী লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভ কামনা! সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভ কামনা সব সময়...’

সেই আসরের ৬ জন ক্রিকেটার এবারও আছেন চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে। এ কারণে বাংলাদেশ এগিয়ে আছে অভিজ্ঞতায়। ২০১৭ সালের আসরে বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।