নতুন আঙ্গিকের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় ওঠার প্লে অফের প্রথম লেগে শেষ মুহূর্তের ধসে পড়ায় ঘরের মাঠে ৩-২ গোলে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় ম্যানচেস্টার সিটি। আজ ফিরতি লেগে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামবে সিটি। এ ম্যাচের আগে সিটির রিয়ালকে হারিয়ে দেওয়ার সম্ভাবনা ১ শতাংশ বলে মন্তব্য করেছিলেন কোচ পেপ গার্দিওলা। এর পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও পেপকে খোঁচা দিতে ছাড়েননি। বলেন, ‘আমার মনে হয় না আমাদের ৯৯ শতাংশ সম্ভাবনা রয়েছে, পেপ নিজেদের ছোট করে দেখছেন।’ আনচেলত্তির বক্তব্যের প্রেক্ষিতে চটেছেন পেপ। স্বীকার করে নিয়েছেন যে তিনি সম্ভাবনার প্রসঙ্গে মিথ্যা বলেছিলেন।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলা বলেন, ‘আমাদের জয়ের সম্ভাবনা এক শতাংশ প্রসঙ্গে আমি মিথ্যা বলেছিলাম। প্রথমবারের মতো আমি মিথ্যা বলেছি। আগের ম্যাচে ২-৩ ফলের পর আমাদের পক্ষে কেউ বাজি ধরতো না। এটা কখনোই ভালো ফল নয়। কিন্তু আমরা জানি কীভাবে নিজেদের কাজটা করতে হয়। ম্যাচের আগে কার্লোর (আনচেলত্তি) আমাকে কিছু বলে দিতে হবে না।’
রিয়ালের মাঠে তাদের মুখোমুখি হওয়াটা কঠিন হবে বলে মানছেন পেপ। বলেন, ‘আমরা জানি রিয়াল মাদ্রিদ কতটা শক্তিশালী, বিশেষ করে তাদের ঘরের মাঠে। আমাদের সেরা খেলাটিই খেলতে হবে তাদের মোকাবেলা করতে।’ রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার গুরুত্ব বিবেচনায় এই ম্যাচটিকে ‘ক্লাসিকো’র বিশেষণ দিয়েছেন। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে আমাদের ম্যাচগুলো এখন ক্লাসিকোর মতো হয়ে গেছে।’