মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিজের দোকান থেকে এক কাপড়ের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুজিত ঘোষ (২৮)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার নীমতলা এলাকার শীতলা বস্ত্রালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুজিত ঘোষ একই উপজেলার চারিগাঁও গ্রামের হরে কৃষ্ণ ঘোষের ছেলে। গতকাল মঙ্গলবার দিনগত রাত থেকে আজ বুধবার সকালের যে কোনো সময় ওই ব্যবসায়ী নিজ দোকানের ভেতর আত্মহত্যা করে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিভিন্ন ঝামেলা নিয়ে গতকাল মঙ্গলবার মা সঙ্গীতা ঘোষের সঙ্গে ব্যবসায়ী সুজিত ঘোষের ঝগড়া হয়। এতে মায়ের সঙ্গে অভিমান করে দোকানের ভেতর বৈদ্যুতিক পাখার সঙ্গে কাপড়ের দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে ওই ব্যবসায়ী আত্মহননের পথ বেছে নেয়। আজ বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে সুজিতের মামা দোকানে এসে ডাকাডাকি করে। এ সময় ব্যবসায়ীর সাড়া শব্দ না পেয়ে দোকানের সাটার উঠালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের সাথে ঝগড়া করার পর অভিমান করে ব্যবসায়ী সুজিত আত্মহত্যা করতে পারে।