সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে ফার্মগেটে সদস্য নবায়ন ও আলোচনা সভায় তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘একটা ক্রান্তিকালে আছি আমরা। পুরো দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায়। সন্দেহ তৈরি হয়েছে, সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চাচ্ছে। এটা বিপদজনক। নতুন দলকে অবশ্যই বিএনপি স্বাগত জানাবে।’
মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদের কেউ ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবে, স্থানীয় সরকার উপদেষ্টার এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। গণহত্যকারীরা রাজনীতিতে ফিরে আসলে জনগণ মেনে নেবে না।’
তিনি বলেন, ‘নতুন রাজনৈতিক দল গোছানোর এটা একটা কৌশল কিনা, এখন সেই প্রশ্ন উঠেছে। নতুন দল গঠনের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা জনগণ মেনে নেবে না।
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে আরেকটি নিরপেক্ষ সরকার দরকার হবে, আমার এমন মন্তব্যের পর অনেকে বলেছিল, আমরা আরেকটি এক এগার চাচ্ছি। কিন্তু খেয়াল করলে সবাই বুঝবে, এক-এগারোতে সবচেয়ে বড় ভুক্তভোগী আমরা (বিএনপি)। তাই হুঁশিয়ার করে বলতে চাই, আবারও এক-এগারোর চেষ্টা কিংবা চিন্তা করলে জনগণ তা কখনোই মেনে নেবে না।’